বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ উন্মোচন করেছে ঢাকা উত্তর সিটি। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাপটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে এই অ্যাপটির অনন্যতা তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই অ্যাপের মাধ্যমে যে কেউ ছবি তুলে পোস্ট করে নাগরিক সমস্যার সমাধান চাইতে পারবেন।
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ঢাকা উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, মহানগর আওয়ামী লীগের (উত্তর) এস এম আব্দুল মান্নান কচি, ঢাকা উত্তর সিইও মো: সেলিম রেজা বক্তব্য রাখেন।
স্মার্ট সিটি হিসেবে ঢাকা উত্তরকে নিরাপদ করতে সব ক্লোজ সার্কিট ক্যামেরা ফেস রিকগনাইজিং সফটওয়্যারে সম্পৃক্ত করার পাশাপাশি একইসঙ্গে উত্তর সিটির যেসব স্কুলে এখনো শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা বাকি আছে সেগুলোতেও এই ল্যাব স্থাপন করে দেয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এই প্রযুক্তিতে সিটি করপোরেশনের কোনো এলাকায় দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, জঙ্গি থাকলে তাদের ছবি সিসি ক্যামেরায় ক্যাপচার হওয়ামাত্র তাদের নাম পরিচয় ও ঠিকানা সবকিছু আমরা স্টোরেজ করে রাখতে পারবো। ভবিষ্যতে সেই এলাকার কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী, পুলিশের ডাটাবেজে যার নাম আছে- সে এলাকায় প্রবেশ করলেই পুলিশের কন্ট্রোল রুমে অ্যালার্ম বাজবে। পাশাপাশি পুলিশের ডাটাবেজের সঙ্গে একটা ইন্ট্রিগেশন হবে।
বঙ্গবন্ধু দেশে প্রযুক্তির বীজ বুনেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হাতেই রচিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশের আধুনি তথ্যপ্রযুক্তি ভিত্তি। বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ওয়্যারলেসের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাধানতার ঘোষণা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। স্বাধীনতার পর আইটিইউ সদস্য পদ গ্রহণের মাধ্যমে আধুনিক তথ্য ও প্রযুক্তির অংশ হিসেবে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন।